জন-বাজেট প্রতিবেদন: জাতীয় বাজেট ২০১৯-২০

প্রতিবছর জাতীয় বাজেটের আকার যেমন বড় হচ্ছে তেমনি ব্যয়ের গুণগত মান ও বাজেট বাস্তবায়নের দক্ষতার বিষয়টি বড় সমস্যা আকারে আলোচনায় আসছে। ফাস্ট ট্রাক প্রকল্পে অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ মৌলিক সেবাখাতের বাজেট আরো সংকুচিত হবে, নাকি এসব খাতে নতুন অর্থায়ন হবে সে বিষয়টি আলোচনার দাবি রাখে। এদিকে জেলা পরিষদসহ বিভিন্ন স্তরে নির্বাচিত স্থানীয় সরকার থাকার পরও স্থানীয় সরকারে আর্থিক ও রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ এখনো সীমিত কিছু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ। অথচ বাজেট বিকেন্দ্রীকরণের মধ্যদিয়ে স্থানীয় সরকারের কাছে আরো বেশি কিছু দায়িত্ব অর্পণ করা গেলে জাতীয় বাজেটের গুণগত মান পাবে নিঃসন্দেহে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা বেশ এগিয়েছি। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সার্বজনীন প্রবৃদ্ধি অর্জনে কৌশল নির্ধারণ এবং ক্রমবর্ধমান বৈষম্য হ্রাসে যথাযথ রাষ্ট্রীয় বিনিয়োগ নিশ্চিত করা। অন্যদিকে, সারা বিশ্বব্যাপী এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যার বাইরে আমরাও নই। তাই জাতীয় ক্ষেত্রে একটি সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাটা এখন সময়ের দাবি। জাতীয় বাজেটে শান্তি-সম্প্রীতি ও সমতা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বরাবরের মতো প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থানসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য গ্রামীণ ও নগর পরিসেবায় বাজেট বৃদ্ধি এবারো অন্যতম বাজেট এজেন্ডা হিসেবে আলোচিত।

 শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম ও কর্মসংস্থান, নারী, দলিত, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বাজেটসহ জাতীয় পরিকল্পনায় অংশভাগিদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও বাজেটের বিকেন্দ্রীকরণ কাঠামো এবং এ বিষয়ে জাতীয় সংসদের প্রত্যক্ষ ভূমিকা পালনের বিষয়গুলি বিস্তারিত পরিসরে আলোচনায় আসা দরকার। সে লক্ষ্যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি যৌথভাবে দেশের বিভিন্ন অঞ্চল, পেশা ও বৈশিষ্ট্যের মানুষের অংশগ্রহণে ৫র্থ বারের মতো ‘জন-বাজেট সংসদ আয়োজন করছে।

জনবাজেট সংসদ সামনে রেখে জাতীয় বাজেটে সরকার অত্যাবশ্যকীয় সেবাখাতগুলোকে কীভাবে দেখে, জনগণের জীবনমান পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করছে তা নিরীক্ষা ও জনপ্রস্তাবনাসমূহ নীতি নির্ধারকদের সামনে তুলে ধরার লক্ষ্যে খাতভিত্তিক বাজেট বিশ্লেষণসমূহ এই পুস্তিকায় তুলে ধরা হলো।

আশা করছি, প্রকাশনার বিশ্লেষণপত্র এবং প্রস্তাবনাগুলো আগামি সময়ে জনঅংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন ও ন্যায্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখবে।