১. ভূমিকা: সম্ভাবনার সন্ধিক্ষণে যুব সমাজ
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই যুব (১৫–৩৫ বছর), যাঁরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। এই বিশাল জনগোষ্ঠীকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা থাকা সত্ত্বেও বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে দৃষ্টিগ্রাহ্য সীমাবদ্ধতা।
২০২৪–২৫ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৳২,২১১.৯৫ কোটি, যার মধ্যে উন্নয়ন বাজেট ৳১,২৩৪.০৮ কোটি এবং পরিচালন বাজেট ৳৯৭৭.৮৭ কোটি। এছাড়া কিছু যুব-কেন্দ্রিক কার্যক্রম অন্যান্য মন্ত্রণালয় যেমন শ্রম ও কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতায় থাকলেও, কোনো সমন্বিত ‘Youth Budget Framework’ নেই। SANEM পরিচালিত এক গবেষণায় দেখা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) মাত্র ১৪% প্রকল্প সরাসরি যুব-কেন্দ্রিক, যেখানে ৬০% প্রকল্পের কোনো সরাসরি যুব সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ যুবকদের জন্য যে বাজেট হওয়া উচিত, তা এখনো অনুপযুক্ত, যা ন্যায়বিচার ও সহনশীলতার প্রশ্ন তোলে।
বিশেষ করে প্রান্তিক, দরিদ্র, নারী, ক্ষুদ্র জাতিসত্তা, প্রতিবন্ধী এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের যুবরা এ বাজেটে প্রায় অনুপস্থিত। অংশগ্রহণমূলক গবেষণা ও জেলা পর্যায়ে গণশুনানিতে উঠে এসেছে—যুব বাজেট পরিকল্পনায় নেতৃত্ব, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, প্রযুক্তি ও পরিবেশ বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
২. উদ্দেশ্য ও পরিধি
যুব সমাজ একটি দেশের শুধু ভবিষ্যৎ নয়—তারা বর্তমানের কারিগর। কর্মসংস্থান, নেতৃত্ব, প্রযুক্তিগত দক্ষতা, জলবায়ু অভিযোজন, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন—প্রতিটি ক্ষেত্রেই তরুণরা এখন পরিবর্তনের অনুঘটক। তাই একটি কার্যকর ও ন্যায্য বাজেট কাঠামো তৈরিতে তরুণদের জন্য বরাদ্দের যথাযথতা, বৈষম্য, সুযোগ এবং প্রতিবন্ধকতা যাচাই করা আজ সময়ের দাবি।
এই গবেষণার মূল লক্ষ্য ছিল ২০২৫–২৬ অর্থবছরের জাতীয় যুব বাজেটকে জনগণকেন্দ্রিক ও সহনশীলতার ভিত্তিতে পুনঃচিন্তা করা, যাতে এটি প্রান্তিক তরুণদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। বিশেষত, গবেষণাটি যুব বাজেটের বর্তমান কাঠামো কতটা অন্তর্ভুক্তিমূলক, কার্যকর ও ন্যায়ভিত্তিক তা বিশ্লেষণ করার প্রয়াস চালিয়েছে।
🔹 মূল উদ্দেশ্যসমূহ:
- যুব বাজেটের বিদ্যমান কাঠামো ও প্রয়োগ বিশ্লেষণ:
বাজেট বরাদ্দ কতটা তরুণদের প্রয়োজন ও বাস্তব চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই করা। - বরাদ্দ ও বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক এবং আঞ্চলিক বৈষম্য চিহ্নিত করা:
কোন অঞ্চলগুলো অবহেলিত, কোন খাতে বাজেট বণ্টন ভারসাম্যহীন—তা বোঝা। - অংশগ্রহণমূলক ও ন্যায়সঙ্গত বাজেট কাঠামোর প্রস্তাব প্রদান:
এমন একটি প্রক্রিয়া প্রস্তাব করা যাতে তরুণদের কণ্ঠস্বর অর্থবহভাবে বাজেটে প্রতিফলিত হয়।
গবেষণার ভৌগোলিক পরিধি:
এই গবেষণাটি দেশের ৯টি ভিন্ন ভিন্ন ভৌগোলিক, সামাজিক ও জলবায়ু-প্রভাবিত জেলা নিয়ে পরিচালিত হয়েছে:
- উপকূলীয় অঞ্চল: সাতক্ষীরা, বাগেরহাট
- শহুরে অঞ্চল: ঢাকা, চট্টগ্রাম
- উত্তরাঞ্চলের নদীভাঙন ও বন্যাপ্রবণ জেলা: কুড়িগ্রাম, গাইবান্ধা
- খরাপ্রবণ অঞ্চল: নওগাঁ, কুষ্টিয়া
- পার্বত্য এলাকা: বান্দরবান
৩. গবেষণা পদ্ধতি:
এই গবেষণায় মিশ্র পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ছিল:
- প্রাথমিক তথ্য সংগ্রহ: ফোকাস গ্রুপ আলোচনা (FGD), মূল তথ্যদাতাদের সাক্ষাৎকার (KII), এবং জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন, সিভিল সোসাইটি সংগঠন ও সাধারণ জনগণের অংশগ্রহণে গণশুনানি।
- গৌণ তথ্য পর্যালোচনা: গত ৩-৫ বছরের জাতীয় বাজেট দলিল, প্রকল্প ডেটাবেস, নীতিমালা এবং সিভিল সোসাইটি সংগঠনের প্রতিবেদন বিশ্লেষণ।
- স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা: নারী, যুব, আদিবাসী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর কণ্ঠস্বর যাতে অর্থবহভাবে প্রতিফলিত হয় তা নিশ্চিত করা হয়েছে।
- গুণগত বিষয়ভিত্তিক বিশ্লেষণ: বিভিন্ন জেলার সাধারণ ধারা, আঞ্চলিক বৈশিষ্ট্য এবং প্রয়োগযোগ্য তথ্য তুলে ধরতে সহায়তা করেছে।
গবেষণার সীমাবদ্ধতা: যদিও অংশগ্রহণমূলক পদ্ধতিটি মূল্যবান তথ্য সরবরাহ করেছে, তবে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়েছে:
- জেলা ও উপজেলা পর্যায়ের বাজেট সম্পর্কিত তথ্য অনেক সময় অসম্পূর্ণ ছিল বা আলাদাভাবে উপস্থাপন করা ছিল না।
- প্রকৃত আর্থিক কার্যক্রমের তথ্য পাওয়া না যাওয়ায় পরিমাণগত বিশ্লেষণ সীমিত ছিল।
- সীমিত সম্পদ ও সময়ের কারণে গবেষণার পরিধি অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিস্তৃত করা সম্ভব হয়নি।
৪. মূল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ
৪.১. যুব বিভাগের সার্বিক জেলা ভিত্তিক কার্যক্রম (২০২৪-২৫ অর্থবছর)
১. যুব উন্নয়ন কর্মসূচি
- সকল জেলা জুড়ে যুবকদের জন্য কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালানো হচ্ছে।
- যুবদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ এবং যুব ক্লাব প্রতিষ্ঠা।
২. প্রশিক্ষণ কেন্দ্র এবং কর্মশালা
- যুব দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে, যা ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং বরগুনা জেলা গুলিতে যুবদের জন্য প্রশিক্ষণ প্রদান করছে।
৩. যুব অংশগ্রহণ এবং নেতৃত্ব
- নেতৃত্ব দক্ষতা উন্নয়ন এবং যুব ক্লাব পরিচালনার জন্য বিভিন্ন জেলা যেমন নড়াইল, গোপালগঞ্জ, পটুয়াখালী, ফেনী এবং পাবনা তে প্রশিক্ষণ ও কর্মসূচি আয়োজন করা হয়।
৪. ক্রীড়া উন্নয়ন কর্মসূচি
- ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন জেলার কক্সবাজার, বরিশাল, রাজশাহী, নাটোর, গাজীপুর, এবং চট্টগ্রাম জেলাতে বাস্তবায়িত হচ্ছে।
৫. জাতীয় যুব দিবস উদযাপন
- যুব দিবস উদযাপন এবং যুব সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট সহ অন্যান্য জেলা জুড়ে।
৬. যুবদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও অন্যান্য উদ্যোগ
- স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং শিক্ষামূলক কার্যক্রম নওগাঁ, শেরপুর, বগুড়া, নাটোর, কুমিল্লা, খুলনা, এবং পিরোজপুর জেলা জুড়ে চলমান।
৪.২. জেলার যুব প্রকল্পসমূহ (ADP ও non-ADP)
যুব উন্নয়নে বিভিন্ন জেলার ভিন্ন প্রেক্ষাপট ও সমস্যা অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এসব প্রকল্পের একটি বড় অংশ ADP অন্তর্ভুক্ত নয়। নিম্নের ছকে ৯টি জেলার youth-focused ADP ও non-ADP প্রকল্পসমূহ আলাদাভাবে তুলে ধরা হলো:
| জেলা | ADP প্রকল্পসমূহ | non-ADP প্রকল্পসমূহ |
| ঢাকা | ডিজিটাল স্কিল ও গ্রিন এমপ্লয়মেন্ট, নগর উন্নয়নে যুব অংশগ্রহণ | স্টার্টআপ ইনকিউবেটর, ক্যারিয়ার কাউন্সেলিং, যুব নেতৃত্ব কর্মসূচি |
| সাতক্ষীরা | কৃষি-ভিত্তিক প্রশিক্ষণ, টেকসই উন্নয়ন | ইকোট্যুরিজমে যুব নেতৃত্ব, নবায়নযোগ্য শক্তিতে কর্মসংস্থান |
| বাগেরহাট | কোস্টাল যুব উন্নয়ন, ক্লাইমেট অভিযোজন প্রশিক্ষণ | মেন্টাল হেলথ ক্যাম্পেইন, যুবব্যাংক পাইলট প্রকল্প |
| কুষ্টিয়া | ডিজিটাল প্রশিক্ষণ ও রুরাল এগ্রো-ইনোভেশন | যুব নেতৃত্ব ও উদ্যোক্তা সহায়তা |
| নওগাঁ | যুব এগ্রি-টেক প্রশিক্ষণ ও শিক্ষাপ্রসার | লাইব্রেরি ও সৃজনশীল মঞ্চ, যুব উদ্ভাবনী কেন্দ্র |
| গাইবান্ধা | স্থানীয় সরকারে যুব অংশগ্রহণ, কৃষি উদ্যোগ | ভলান্টিয়ার দল গঠন, মানসিক স্বাস্থ্য সহায়তা |
| কুড়িগ্রাম | ক্লাইমেট রেজিলিয়েন্স প্রশিক্ষণ, নবায়নযোগ্য শক্তি | বিদেশে কর্মসংস্থান প্রশিক্ষণ, কৃষি স্টার্টআপ ফান্ড |
| বান্দরবান | হিল ট্যুরিজমে যুব অংশগ্রহণ, ডিজিটাল প্রশিক্ষণ | সংস্কৃতি ও পরিবেশ-ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন |
| চট্টগ্রাম | স্থানীয় শিল্পে প্রশিক্ষণ, সাসটেইনেবল এগ্রি | তরুণদের জন্য বৃত্তি ও স্টার্টআপ লোন |
৪.৩.যুব সমস্যা ও দাবি (জেলা ভিত্তিক)
প্রতিটি জেলার নিজস্ব ভৌগোলিক ও সামাজিক বাস্তবতাকে ঘিরে তরুণদের সমস্যা ও চাহিদা ভিন্ন। এই অংশে জেলা-ভিত্তিক তরুণদের প্রধান সমস্যা ও তাদের উত্থাপিত দাবি সংক্ষেপে উপস্থাপন করা হলো।
| জেলা | প্রধান সমস্যা/ চ্যালেঞ্জ | জনগণের মূল দাবি |
| ঢাকা | – বাস্তব জীবনের উপযোগী প্রশিক্ষণের অভাব – প্রশিক্ষণ পরবর্তী কার্যকর মনিটরিং নেই | – উদ্ভাবনী প্রকল্পে যুবদের গবেষণার জন্য তহবিল – স্টার্টআপ ইনকিউবেটর ও কাউন্সেলিং সেন্টার – উচ্চ শিক্ষায় আর্থিক সহায়তা |
| সাতক্ষীরা | – জলবায়ু কারণে উচ্চ বেকারত্ব – নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি প্রশিক্ষণে সীমিত প্রবেশাধিকার | – উপজেলা পর্যায়ে গ্রন্থাগার ও ল্যাব – যুবদের উদ্যোগে সহজ ঋণপ্রাপ্তি – খেলাধুলার মাঠ ও অবকাশ কেন্দ্রের বাজেট বরাদ্দ |
| বাগেরহাট | – স্থানীয় প্রশাসনে যুবদের মতামত দেওয়ার প্ল্যাটফর্ম নেই – দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অভাব | – যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বাজেট বরাদ্দ – যুব ব্যাংক প্রতিষ্ঠা – মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য তহবিল |
| কুষ্টিয়া | – পরামর্শ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অভাব – পরিবেশগত শাসনে যুবদের সম্পৃক্ততা কম | – যুব বাজেট পরিকল্পনার জন্য অ্যাডভাইজরি কমিটি গঠন – দক্ষতা উন্নয়ন ও ক্রীড়া প্রশিক্ষণে বাজেট – পর্যবেক্ষণ কাঠামো শক্তিশালীকরণ |
| নওগাঁ | – যুব কাউন্সেলিং এর অভাব – জলবায়ু অভিযোজন প্রকল্পে যুবদের সম্পৃক্ততার ঘাটতি | – প্রযুক্তি ও আধুনিক কৃষিতে প্রশিক্ষণ কেন্দ্র – গবেষণা ও উদ্ভাবনের জন্য তহবিল – যুবদের জেলা পর্যায়ে পরিকল্পনায় অন্তর্ভুক্তি |
| গাইবান্ধা | – যুব নেতৃত্ব উন্নয়নে বিনিয়োগ কম – যুব কেন্দ্রিক ডেটাবেজের অভাব | – মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার গাইডেন্স সেন্টার – আইটি ও নবায়নযোগ্য শক্তিতে প্রশিক্ষণ – স্টার্টআপ ইনকিউবেটর স্থাপন |
| কুড়িগ্রাম | – শিল্পায়নের সঙ্গে সংযুক্তির অভাব – জলবায়ু অভিযোজনে নেতৃত্বে যুবদের অনুপস্থিতি | – ক্লাইমেট স্মার্ট কৃষিতে যুবদের কর্মসংস্থান – যুব কমপ্লেক্স ও বিদেশে কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন |
| বান্দরবান | – ডিজিটাল প্রশিক্ষণ ও নবায়নযোগ্য শক্তিতে প্রবেশাধিকার সীমিত – দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের অংশগ্রহণ কম | – ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ কেন্দ্র – প্রযুক্তি, নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রকল্পে তহবিল – পরিবেশবান্ধব ট্যুরিজমে যুবদের সম্পৃক্ততা |
| চট্টগ্রাম | – প্রত্যন্ত এলাকায় যুব নেতৃত্বের ঘাটতি – টেকসই কৃষিতে যুব প্রকল্প নেই | – স্থানীয় শিল্পে কর্মসংস্থান সৃষ্টি – উদীয়মান খাতে প্রশিক্ষণ – স্টার্টআপ ঋণ সহজীকরণ ও কৃষিতে যুব সক্ষমতা উন্নয়ন |
৫. কাঠামোগত প্রতিবন্ধকতা: যুব বাজেট বাস্তবায়নের অন্তরায়
যুব বাজেটের সফল বাস্তবায়নে নানামুখী কাঠামোগত দুর্বলতা রয়েছে, যা শুধুমাত্র বাজেট বরাদ্দের পরিমাণ নয়, বরং এর গুণগত কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে। তরুণদের সম্ভাবনা এবং প্রয়োজন বিবেচনায় এনে এই বাধাগুলো চিহ্নিত করা জরুরি।
🔹 তথ্যঘাটতি:
বাংলাদেশে এখনো youth-disaggregated data বা তরুণদের বয়স, লিঙ্গ, এলাকা, প্রতিবন্ধিতা বা শিক্ষা অনুসারে পৃথক উপাত্ত সংরক্ষণের ব্যবস্থা যথাযথভাবে গড়ে ওঠেনি। এর ফলে প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ নির্ধারণ অসম্ভব হয়ে পড়ে এবং অনেক সময়ই প্রকল্পগুলো প্রাসঙ্গিকতা হারায়। যেমন, ডিজিটাল প্রশিক্ষণের বাজেট শহুরে যুবদের জন্য প্রণীত হলেও তা গ্রামীণ যুবকদের বাস্তবতায় সাড়া দেয় না।
🔹 দক্ষ জনবলের ঘাটতি:
স্থানীয় প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অনেক কর্মকর্তা youth-sensitive বাজেটিং সম্পর্কে প্রশিক্ষিত নন। এতে যুব বাজেটের প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দুর্বলতা দেখা দেয়, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে।
🔹 নিরীক্ষা ও মূল্যায়নে দুর্বলতা:
Monitoring, Evaluation and Learning (MEL) কাঠামোর অভাবে youth-focused প্রকল্পগুলোর ফলাফল নিয়মিতভাবে পর্যালোচনা বা সংশোধন করা হয় না। বাজেটের টাকাটা ঠিকমতো কোথায়, কীভাবে খরচ হচ্ছে—তা পরিমাপ করা কঠিন হয়ে পড়ে।
🔹 অংশগ্রহণহীনতা:
যুব বাজেট পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণ প্রায় অনুপস্থিত। বিশেষত নারী, কিশোরী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও গ্রামীণ যুবদের মতামত গ্রহণের কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া নেই। ফলে তাঁদের বাস্তব সংকট ও সম্ভাবনা বাজেট নীতিতে প্রতিফলিত হয় না।
🔹 বিভাগীয় সমন্বয়হীনতা:
যুব উন্নয়ন সম্পর্কিত প্রকল্পগুলো শিক্ষা, শ্রম, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে থাকলেও, কোনো কেন্দ্রীয় সমন্বয় কাঠামো নেই। এর ফলে অনেক সময় একই ধরণের প্রকল্প একাধিক সংস্থায় পুনরাবৃত্তি ঘটে, অথচ জরুরি খাতগুলো উপেক্ষিত থেকে যায়।
🔹 অপর্যাপ্ত বাজেট স্বচ্ছতা:
জেলা ও উপজেলা পর্যায়ের যুব বাজেট বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নের তথ্য সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। এ কারণে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ, জবাবদিহিতা ও তদারকির সুযোগ সংকুচিত হয়।
🔹 মানসিক স্বাস্থ্য অগ্রাধিকারে নেই:
যুবদের জীবনের এক গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত দিক হলো মানসিক স্বাস্থ্য। হতাশা, উদ্বেগ, কর্মসংস্থান অনিশ্চয়তা—এই সমস্যাগুলো প্রকট হলেও যুব বাজেটে মানসিক স্বাস্থ্যসেবার জন্য আলাদা বরাদ্দ প্রায় নেই বললেই চলে।
৬. প্রস্তাবিত পদক্ষেপ: ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক বাজেটের রূপরেখা
যুব বাজেটকে শুধু কাগজে নয়, বাস্তবে কার্যকর করতে হলে আমাদের দরকার লক্ষ্যভিত্তিক, অংশগ্রহণমুখী এবং সমন্বিত পদক্ষেপ। নিচে বাস্তবধর্মী কিছু সুপারিশ উপস্থাপন করা হলো:
🔹 বাজেট বরাদ্দ বৃদ্ধি:
বর্তমানে যুব উন্নয়ন বাজেট মোট বাজেটের খুবই সামান্য অংশ। এই বরাদ্দ অন্তত ২০% পর্যন্ত বাড়িয়ে প্রান্তিক ও বৈচিত্র্যপূর্ণ তরুণদের জন্য আলাদা বরাদ্দ নিশ্চিত করতে হবে।
🔹 ডাটা সংগ্রহ ব্যবস্থা উন্নয়ন:
জেলা ও উপজেলা পর্যায়ে youth-disaggregated data কালেকশন এবং বিশ্লেষণ কাঠামো গড়ে তোলা জরুরি, যা প্রকল্প পরিকল্পনা ও মূল্যায়নের ভিত্তি হতে পারে।
🔹 অংশগ্রহণমূলক বাজেট পরিকল্পনা:
নারী, কিশোরী, দলিত, প্রতিবন্ধী ও প্রান্তিক যুবদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে বাজেট পরিকল্পনার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে যুব অ্যাডভাইজরি বোর্ড গঠন করা যেতে পারে।
🔹 জেলা পর্যায়ের আলাদা কর্মপরিকল্পনা (District Workplan):
প্রতিটি জেলার বাস্তবতা অনুযায়ী যুব উন্নয়নের জন্য আলাদা পরিকল্পনা ও বাজেট প্যাকেজ প্রণয়ন করা উচিত।
🔹 মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার কাউন্সেলিং:
প্রতিটি জেলায় “Youth-Friendly Counseling Center” চালু করে মানসিক স্বাস্থ্যসেবা ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা দিতে হবে।
🔹 ডিজিটাল ও সবুজ দক্ষতা (Green & Digital Skills):
জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য শক্তি, স্মার্ট কৃষি, এবং তথ্যপ্রযুক্তি দক্ষতার ওপর প্রশিক্ষণ কার্যক্রম বাড়াতে হবে।
🔹 ‘যুব ব্যাংক’ চালু করা:
সহজ শর্তে ক্ষুদ্র ঋণপ্রদানের জন্য সরকারি তত্ত্বাবধানে ‘যুব ব্যাংক’ চালু করা যেতে পারে, যা উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখবে।
🔹 ফলাফলভিত্তিক মূল্যায়ন কাঠামো (MEL):
youth-budget-এর জন্য আলাদা MEL Framework তৈরি করে প্রকল্প বাস্তবায়ন, প্রভাব এবং ফলাফল নিয়মিত মূল্যায়ন করা জরুরি।
উপসংহার: কণ্ঠস্বর থেকে কাঠামোয় উত্তরণ
যুব বাজেট যেন কেবল সংখ্যার খেলা না হয়ে ওঠে—এটি যেন তরুণ-তরুণীর জীবনের বাস্তব পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠে। তরুণেরা শুধু সুবিধাভোগী নয়, তারাই হতে পারে রূপকার, উদ্ভাবক ও নীতিনির্ধারক।
আমরা এমন এক বাজেট চাই, যা প্রযুক্তি, শিক্ষা, মানসিক স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু অভিযোজন এবং নেতৃত্ব বিকাশ—সব ক্ষেত্রেই তরুণদের জন্য সম্ভাবনার দরজা খুলে দেয়।
একটি যুব-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক বাজেট কেবল বর্তমান যুব সমাজের জন্য নয়, বরং বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, উদ্ভাবনী ও দায়িত্বশীল ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। এখনই সময়—‘বাজেট’কে শুধু আর্থিক বরাদ্দ নয়, বরং তরুণদের অধিকার ও সক্ষমতার রূপান্তরকারী নীতিকাঠামোতে পরিণত করার।
